হকি দলের পাশে জনতা ব্যাংক
জাতীয় হকি দলের জন্য বিদেশি কোচ নিয়োগ ও জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প পরিচালনার জন্য আর্থিক সহায়তা দিতে যাচ্ছে জনতা ব্যাংক।
সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে হকি ফেডারেশনের সঙ্গে ৯০ লাখ ৪৪ হাজার টাকার চুক্তি সই করেছে ব্যাংকটি। চুক্তির মেয়াদ এক বছরের।
তবে এখনো কোনো বিদেশি কোচ নিয়োগ করতে পারেনি হকি ফেডারেশন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) বেতনভুক্ত বেলজিয়ামের কোচ মিশেল কিনানের সঙ্গে কথা বলছেন কর্মকর্তারা। কিনান কিছু দিন আগে জাতীয় দলের উপদেষ্টা কোচ হিসেবে কাজ করেছিলেন।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, “কিনানের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে। তিনি সিদ্ধান্ত নেয়ার জন্য কিছু দিন সময় চেয়েছেন। তিনি আসতে না পারলে আমরা অন্য কোনো ভালো কোচ আনার চেষ্টা করবো।”
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী বলেন, “আশির দশকের পর বর্তমান সময়ই হকির শ্রেষ্ঠ সময়। জনতা ব্যাংক আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে অগাস্টে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপে ভালো করতে চাই।”
জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারকাত জানান, “জাতীয় বাজেটে ক্রীড়াখাতে বরাদ্দ কম এবং এর মধ্যে হকিতে আরো কম। আমি যতটুকু বুঝি, উন্নতির জন্য শুধু কোচ রাখলেই হবে না। ক্রিকেটারদের যেমন সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে হকি খেলোয়াড়দেরও তেমন সুযোগ-সুবিধা দিতে হবে।”
“বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্স অগাস্টে এশিয়া কাপ হকিতে বজায় থাকলে জনতা ব্যাংক আগামী বছরও হকির দলের সঙ্গে থাকবে,” যোগ করেন তিনি।
