বার্সার আত্মবিশ্বাস ফেরানো জয়, জিতেছে রিয়ালও
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারানোয় স্প্যানিশ লা লিগায় বার্সার শীর্ষস্থান আরো সুসংহত।
জিতেছে রিয়াল মাদ্রিদও। সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলের জয় পেয়েছে জোসে মরিনিয়োর দল। গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডকে একই ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া রিয়ালের দুটো গোলই ক্রিস্টিয়ানো রোনালদোর।
দেপোর্তিভোর সঙ্গে জয় মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে মেসি-জাভিদের আত্মবিশ্বাস জোগাবেই। মিলানের মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ ২-০ গোলে হেরে যাওয়ায় ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শঙ্কায় বার্সা।
মিলানের সঙ্গে কঠিন লড়াইয়ের জন্যই দেপোর্তিভোর বিপক্ষে মেসি-জাভি-ইনিয়েস্তাকে প্রথম একাদশে রাখেনি বার্সা। মেসি ও ইনিয়েস্তা অবশ্য দ্বিতীয়ার্ধে নেমেছিলেন।
ঘরের মাঠ নিউ ক্যাম্পে ৩৮ মিনিটে চিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় বার্সা। ডেভিড ভিয়ার বদলে নামা মেসির ৮৮ মিনিটের গোল স্বাগতিকদের জয় নিশ্চিত করে দেয়।
এই গোল আরেকটি রেকর্ড উপহার দিয়েছে মেসিকে। লা লিগায় টানা ১৭ ম্যাচে গোল করে তিনি ভেঙে দিয়েছেন ইউরোপীয় লিগগুলোর বহু পুরনো এক রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৩০ সালে পোল্যান্ডের ক্লাব রুচ চোরজোর পোলিশ ফরোয়ার্ড টিওডোর পিওতেরেকের। টানা ১৬ ম্যাচে গোল করেছিলেন তিনি।
২৭ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭১ পয়েন্ট। ৫৮ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে অনেকখানি পেছনে রিয়াল মাদ্রিদ।
