জামিন পেয়েই তেভেজের হ্যাটট্রিক
বিনা লাইসেন্সে গাড়ি চালানোর অপরাধে আগের দিন গ্রেপ্তার হয়েছিলেন। জামিন পেয়ে মাঠে নেমেই হ্যাটট্রিকের আনন্দে বিভোর কার্লোস তেভেজ।
শনিবার আর্জেন্টাইন ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যে বার্নসলিকে ৫-০ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এভারটনকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে তাদের সঙ্গী উইগান অ্যাথলেটিক।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তিন গোল করা ছাড়াও অন্য দুই গোলে অবদান রাখেন তেভেজ। ১১ মিনিটে তার গোলেই এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়নরা। ৩১ ও ৫০ মিনিটে আরো দুবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন তেভেজ।
২৭ ও ৬৫ মিনিটে ম্যান সিটির বাকি দুই গোলদাতা ডিফেন্ডার আলেকসান্দার কোলারোভ ও মিডফিল্ডার ডেভিড সিলভা।
