ভিন্ন পরীক্ষার সামনে দুই দল
রোববার ব্লুমফন্টেইনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজটি দুই দলকে ভিন্ন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে ইদানীং ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। বছরের শুরুতে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। ঘরের মাঠে সর্বশেষ ৬টি ওয়ানডে সিরিজে এটি ছিল তাদের তৃতীয় হার।
পাকিস্তানের সঙ্গে তিনটি টেস্টে জিতলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে (প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত) ৯৫ রানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিকদের জন্য হতাশার খবর, প্রধান দুই পেসার ডেল স্টেইন ও মর্নে মরকেলকে রোববার তারা পাচ্ছে না। প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে স্টেইনকে, আর মরকেল পায়ের পেশির চোটে আক্রান্ত।
অন্যদিকে পাকিস্তানের জন্য ওয়ানডে সিরিজটি টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে ওঠার সুযোগ। ইদানীং সীমিত ওভারের ক্রিকেটে তাদের সাফল্যের হার অবশ্য ভালো। ডিসেম্বর-জানুয়ারিতে ভারত সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় পাকিস্তানকে অনুপ্রাণিত করবেই।
