২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যানির লাল কার্ডে এখনো ক্ষুব্ধ ফার্গুসন

রিয়াল মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না অ্যালেক্স ফার্গুসন। ভালো খেলেও হারের জন্য ন্যানির বিতর্কিত লাল কার্ডকেই দায়ী করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরা ম্যান ইউ গত মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায়।

৫৬ মিনিটে বলের দখল নিতে গিয়ে আলভারো আরবেলোয়ার বুকে পা লাগলে ন্যানিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এরপর তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জিতে যায় রিয়াল।

শুক্রবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের নিজস্ব টিভি চ্যানেল ‘এমইউটিভি’র সঙ্গে কথা বলার সময় লাল কার্ডটি নিয়ে হতাশা আর ক্ষোভ কিছুতেই চেপে রাখতে পারেননি ফার্গুসন। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, “আপনারা এটা (ন্যানির লাল কার্ড) কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। এটা খুবই বিস্ময়কর ঘটনা। আমরা সবাই জানি যে সিদ্ধান্তটা ভুল ছিল।”

“বেশ কয়েক বার খেলাটা দেখার পর আমার মনে হয়েছে, রেফারির ঐ সিদ্ধান্তে খেলোয়াড়রা স্তব্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয় গোল খাওয়ার আগ পর্যন্ত তারা ঐ বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। এরপর আমাদের দলের খেলোয়াড়রা নিজেদের গুছিয়ে নেয় এবং শেষ ১৫ মিনিট দুর্দান্ত খেলে। ঐ সময়ে তারা এতটাই ভালো খেলেছিল যে আমরা ৫টি গোলও করতে পারতাম,” যোগ করেন ম্যান ইউ’র সফলতম কোচ।