আইন অমান্য করে গ্রেপ্তার তেভেজ
নিষেধাজ্ঞা সত্ত্বেও গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ।
ম্যানচেস্টার শহরে এই আইন অমান্য করার দায়ে ৫ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে তাকে। এমনকি ৬ মাসের কারাদণ্ডও হতে পারে তেভেজের।
জানুয়ারিতে অর্থাৎ মাত্র দুই মাস আগেও ‘ড্রাইভিং লাইসেন্স’ বা গাড়ি চালানোর অনুমতিপত্র না থাকায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সেবার ১,৫৪০ পাউন্ড জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তেভেজ। তবে ছয় মাসের জন্য তার গাড়ি চালানো নিষিদ্ধ করে আদালত।
ব্রিটিশ আইন অনুযায়ী, তেভেজের আর্জেন্টাইন ড্রাইভিং লাইসেন্স প্রথম ১২ মাসের জন্য ইংল্যান্ডের মাটিতে বৈধ। কিন্তু এরপর গাড়ি চালানোর জন্য অবশ্যই তাকে দেশটির আইন অনুযায়ী নতুন লাইসেন্স নিতে হবে। কিন্তু তিনি এখনো তা নেননি।
তেভেজের গ্রেপ্তার ম্যানচেস্টার সিটির জন্য বিশাল ধাক্কা। হাঁটুর চোটের কারণে আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো বেশ কিছু দিন ধরে মাঠের বাইরে। এখন তেভেজও খেলতে না পারলে ইংলিশ চ্যাম্পিয়নদের ভোগান্তি আরো বাড়বেই।
