সহজ জয়ে তৃতীয় স্থানেই মিলান
জেনোয়াকে সহজেই ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান সেরি-আ’য় তৃতীয় স্থান আরো মজবুত করেছে এসি মিলান।
২৮ ম্যাচ থেকে মিলানের সংগ্রহ ৫১ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের অবস্থান চতুর্থ। ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় নাপোলির পয়েন্ট ৫৩। এসি মিলান অবশ্য তিন প্রতিপক্ষের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে।
জেনোয়ার মাঠে ২২ মিনিটের সময় স্ট্রাইকার জিয়ামপাওলো পাজ্জিনির গোলে এগিয়ে যায় মিলান। কিন্তু ৩ মিনিট পরেই পায়ে চোট পেয়ে পাজ্জিনি মাঠ ছাড়লে বড় একটা ধাক্কা খায় অতিথিরা।
পাজ্জিনির বদলে মাঠে নামা মারিও বালোতেল্লি অবশ্য দলকে দুশ্চিন্তায় পড়তে দেননি। ৬০ মিনিটে তার গোলেই মিলানের জয় নিশ্চিত হয়ে যায়।
৬৬ মিনিটে মিডফিল্ডার কেভিন কন্সট্যান্ট দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও ১০ জনের দল নিয়ে জয় পেতে সমস্যা হয়নি অতিথিদের।
