নেপাল থেকে আনন্দ নিয়ে ফেরা
নেপালের রাজধানী কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের ‘ডি’ গ্রুপে রানার্সআপ হওয়া বাংলাদেশের ফুটবলাররা আনন্দিত। নতুন কোচ লোডভিক ডি ক্রুইফও সন্তুষ্ট। বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে গেলেও নেপালকে ২-০ ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাচ কোচ ডি ক্রুইফ সাংবাদিকদের বলেন, “গত দুই সপ্তাহে ছেলেরা বেশ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছে। নেপালের বিপক্ষে ম্যাচটা ভীষণ কঠিন ছিল। ঐ ম্যাচে অনেক মানুষের সমর্থনধন্য স্বাগতিকদের সঙ্গে খেলতে হয়েছে। উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জর সঙ্গে আমাদেরই একচ্ছত্র আধিপত্য ছিল। সব মিলিয়ে প্রতিযোগিতায় ভালোই করেছি আমরা।”
“স্বল্প সময়ে দলকে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছি। কতটা কী করতে পেরেছি, জানি না। তবে দীর্ঘ পথ পাড়ি দেয়ার সূচনাকে ভালোই বলতে হবে। আমি আশাবাদী, বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উঠতে পারবে,” যোগ করেন তিনি।
বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ডি ক্রুইফ বলেন, “আমি জাদুকর নই, তাই রাতারাতি সবকিছু বদলে দেয়া সম্ভব নয়। তবে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোলে অবশ্যই অনেক দূর যাওয়া সম্ভব।”
প্রতিযোগিতায় দুটি গোল করা তখলিস আহমেদ দলের এবং নিজের পারফরম্যান্সে খুশি। জাতীয় দলে নবাগত বিজেএমসির এই স্ট্রাইকার বলেন, “ভাবতেই পারিনি প্রথম একাদশে সুযোগ পাব। আমাকে সুযোগ দেয়ায় কোচকে আন্তরিক ধন্যবাদ। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। বলা যায় বেশ সফলও হয়েছি।”
“আমাদের দলের প্রত্যেকে নিজেদের উজাড় করে দিয়েছে। তাই এই ফল পাওয়া সম্ভব হয়েছে,” যোগ করেন তিনি।
তিন গোল করা শাখাওয়াত হোসেন রনিও আনন্দিত। আবাহনীর স্ট্রাইকার বলেন, “আমার জোড়া গোলে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছে। আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কী হতে পারে! দলের সাফল্যে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।”
বাছাই পর্বের ৫ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুটো রানার্সআপ দল আগামী বছর মালদ্বীপে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
২৬ মার্চ সব গ্রুপের খেলা শেষ হওয়ার পরই জানা যাবে বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলতে পারবে কিনা। ‘এ’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের খেলা শেষে তিন রানার্সআপের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে।
