২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর প্রচেষ্টা প্রয়োজন: মেসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে এবং লা লিগার শীর্ষে অবস্থান ধরে রাখতে আরো কঠোর প্রচেষ্টা প্রয়োজন হবে বলে মনে করেন বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Mar 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে শেষ ষোল থেকেই বিদায় নেয়ার শঙ্কা তাদের সামনে।

মঙ্গলবার ন্যু ক্যাম্পে মিলানকে আতিথেয়তা দেবে বার্সা। তার আগেই রক্ষণভাগের দুর্বলতা ও আক্রমণভাগের সমন্বয়হীনতা কাটিয়ে উঠতে হবে বাজে সময় কাটানো বার্সার।

লা লিগায় দ্বিতীয় এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারলেও দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে বার্সা। মিলানের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের মাঠে শনিবার দিপোর্তিভো লা করুনার বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে তারা।

বার্সেলোনায় এক অনুষ্ঠানে মেসি বলেন, “নিশ্চিতভাবেই আমাদের আরেকটু বেশি দিতে হবে। আমরা জানি হেরে যাওয়া ম্যাচগুলোতে কি ভুল করেছি। ড্রেসিং রুমে এ নিয়ে আমরা কথা বলেছি।”

“সম্প্রতি আমরা কিছু ম্যাচ হেরেছি। আমরা জানি আমাদের কি ধরনের পরিবর্তন করতে হবে। সামনে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই ম্যাচে তা করে দেখানোর সুযোগ পাচ্ছি,” যোগ করেন তিনি।

কোপা দেল রে’র সেমি ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের কাছে হারে ২০০৯ সালে পেপ গার্দিওলার অধীনে ‘ট্রেবল’ জয়ের পুনরাবৃত্তির স্বপ্ন ভেঙ্গে গেছে বার্সার।

এখনো ‘ডাবল’ জয়ের স্বপ্ন দেখছেন মেসি। মিলানকে হারিয়ে শেষ আটে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী জানিয়ে তিনি বলেন, “পিছিয়ে থেকেও আমরা সবাই কাজটা সারতে চাই। এটা কঠিন হবে, তবে নিজেদের ওপর আমাদের আস্থা আছে।”

“ওরা নিজেদের মাঠে করতে পারলে আমরাও এখানে তা করতে পারি। মিলান এখানে গোল পেলে জটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে তবে আমাদেরও সুযোগ থাকছে,” যোগ করেন তিনি।