২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস ও পিএসজি

দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে সেল্টিককে ২-০ গোলে হারিয়ে ৭ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাস। অন্য ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ৩-২ গোলের অগ্রগামিতায় ১৮ বছর পর শেষ আটে তাদের সঙ্গী প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Mar 2013, 07:58 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

দুবারের ইউরোপ সেরার শিরোপা জেতা জুভেন্টাস এবার দারুণ ছন্দে আছে। একটাও গোল না খেয়ে টানা পাঁচ ম্যাচে জিতেছে তারা।

প্রথম লেগ ৩-০ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়েই রেখেছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগে নিয়মিত কয়েক জন খেলোয়াড়কে বিশ্রাম দিলেও শেষ আটে পৌঁছাতে সমস্যা হয়নি তাদের।

ঘরের মাঠে দুই অর্ধে আলেসান্দ্রো মাত্রি ও ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার দুই গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালিয়ান সেরি আ’র গতবারের চ্যাম্পিয়ন ও এবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাস।

২০০৫-০৬ মৌসুমে সর্বশেষ কোয়ার্টার ফাইনালে খেলেছিল জুভেন্টাস। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকায় ২০০৫ ও ২০০৬ সালের সেরি আ’র শিরোপা কেড়ে নিয়ে তাদের নামিয়ে দেয়া হয় সেরি বি’তে।

অন্যদিকে আর্জেন্টিনার স্ট্রাইকার এজেকুইয়েল লাভেজ্জির গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার এড়িয়ে শেষ আটে পৌঁছেছে প্যারিস সেন্ট জার্মেই।

৫৫ মিনিটে ব্রাজিলের জোনাসের গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ১১ মিনিট পর লাভেজ্জির গোলে ২০০৬ সাল থেকে ইউরোপিয়ান ম্যাচে নিজেদের মাঠে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখে স্বাগতিক পিএসজি।

প্যারিসের পার্ক দাস প্রিন্সেসে ২৩ ম্যাচ ধরে অপরাজিত দলটিকে খেলতে হয়েছে তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়াই। প্রথম লেগে লাল কার্ড পাওয়ায় নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি ইব্রাহিমোভিচ।

১৯৯৫ সালে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটিতে সর্বশেষ দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছিল ফরাসী লিগে শীর্ষে থাকা পিএসজি। সেবার সেমিফাইনালে উঠেছিল তারা।