নাপোলির কোচ হতে আগ্রহী ম্যারাডোনা
ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে তার অনেক সুখস্মৃতি জড়িয়ে। ভবিষ্যতে প্রিয় ক্লাবটির কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ফুটবল-কিংবদন্তি বলেন, “আমার নাপোলির কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে।”
১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলেছিলেন ম্যারাডোনা। সে সময় তার অসাধারণ নৈপুণ্যে দুবার ইতালির সেরি-আ’য় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
এই সাক্ষাৎকারে কোনো-কোনো কোচের প্রতি বিষোদগার করে তিনি বলেন, “বেশ কয়েকজন মিথ্যাবাদী কোচ আছেন, যারা পরিবারকে সময় দেয়ার কারণ দেখিয়ে অবসরের কথা বলেন। কিন্তু বড় কোনো দলের কোচ হওয়ার সুযোগ পেলেই তা লুফে নেন।”
সেই সব কোচের উদ্দেশে ম্যারাডোনা বলেন, “যীশুর দোহাই, এবার নতুনদের সুযোগ দিন। গন্ডিটা (ফুটবলের) খুবই ছোট আর নতুনদের জন্য এখানে তেমন কোনো পথ খোলা নেই।”
“কয়েক জন ভালো কোচও আছেন। কিন্তু যে সব বয়স্ক কোচ অবসরের কথা বলে আবারো ফিরে আসেন, তারা আমাদের সুযোগ নষ্ট করে দিচ্ছেন,” যোগ করেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
কোনো-কোনো কোচের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন গত বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা।
তিনি বলেন, “কখনো-কখনো দেখি, একজন কোচের খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত উল্টো প্রতিপক্ষেরই উপকার করে। তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, ‘কেন আমি কোচিংয়ে থাকতে পারি না?’”
গত বছরের ১০ জুলাই দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন দলের সন্ধান করছেন ম্যারাডোনা। বর্তমানে দুবাই ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন তিনি।
