২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে ৪-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

৩ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। বুধবার গ্রুপের শেষ ম্যাচে ফিলিস্তিন গোলশূন্য ড্র করেছে নেপালের সঙ্গে। ৭ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ৪ পয়েন্ট সংগ্রহ করা নেপালের অবস্থান তৃতীয়। ৩ ম্যাচে ১৯ গোল খেয়ে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ সবার নিচে।

বাছাই পর্বের ৫ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুটি রানার্সআপ দল চূড়ান্ত পর্বে খেলবে।

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের চার গোলের দুটোই করেন তখলিস আহমেদ। বাকি গোল দুটি শাখাওয়াত হোসেন রনি ও আশরাফ মাহমুদ লিঙ্কনের।

প্রথম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাস পেয়ে, দ্রুত বক্সের মধ্যে ঢুকে, দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তখলিস (১-০)।

১২ মিনিটে ব্যবধান দ্বিগুন করতে পারতো বাংলাদেশ। কিন্তু পেনাল্টি থেকে রনির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

অবশ্য ৩৮ মিনিটে সেই রনিই ব্যবধান দ্বিগুন করেন। ওয়ালি ফয়সালের ক্রস থেকে জোরালো হেডে গোল করেন তিনি (২-০)।

৮৩ মিনিটে কোমলের পাস থেকে তখলিসের প্লেসিং শট সাইড বারে লেগে জালে জড়িয়ে ৩-০ গোলে এগিয়ে দেয় বাংলাদেশকে। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন লিঙ্কন।

বাংলাদেশ অবশ্য আরো বড় ব্যবধানে জিততে পারতো। কিন্তু অনেকগুলো সুযোগ নষ্ট করায় চার গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। প্রতিপক্ষের গোলরক্ষক জোহান টমাস নোয়েটজেলের দুর্দান্ত নৈপুণ্যও বাংলাদেশকে হতাশ করেছে কয়েক বার।

বাংলাদেশ প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে গেলেও পরের ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে।

আর উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ আগের দুই ম্যাচে নেপালের কাছে ৬-০ এবং ফিলিস্তিনের কাছে ৯-০ গোলে হেরেছে।