২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে রিয়াল, বুরুশিয়া

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার রাতে দশ জনের ম্যানচেস্টার ইউনাটেডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শাখতার দনেৎস্ককে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে তাদের সঙ্গী বুরুশিয়া ডর্টমুন্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 05:37 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

সান্তিয়াগো বার্নাবাউয়ে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ৪৮ মিনিটে সার্জিও রামোসের আত্মঘাতী গোল ভীষণ চাপে ফেলে দেয় অতিথিদের।

৫৬ মিনিটে রেফারির বিতর্কিত লাল কার্ডে ন্যানি মাঠ ছাড়লে বেকায়দায় পড়ে যায় ম্যান ইউ। এরপর আর নয়বারের ইউরোপ সেরা দলটির সঙ্গে পেরে উঠেনি স্যার আলেক্স ফার্গুসনের শিষ্যরা।

বল ক্লিয়ার করতে গিয়ে ন্যানির পা আলভারো আরবেলোয়ার বুকের কাছাকাছি উঠে যায়। দেখেশুনে না মারলেও রেফারি তাকে লাল কার্ড দেখালে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম।

এ ঘটনার পর জায়গায় বসে থাকতে পারেননি ফার্গুসন। সাইড লাইনের কাছে এসে ম্যাচ অফিসিয়ালদের সামনে তীব্র প্রতিবাদ জানান তিনি।

প্রতিপক্ষেরই সাবেক দুই খেলোয়াড় লুকা মর্ডিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর ৬৬ ও ৬৯ মিনিটের দুই গোলে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলের অগ্রগামিতা নিয়ে শেষ আট নিশ্চিত করে রিয়াল।

ম্যান ইউ দশ জনের দলে পরিণত হওয়ার সাথে সাথেই আরবেলোয়াকে তুলে নিয়ে মর্ডিচকে বদলি নামান মরিনিয়ো।

মাঠে নামার সাত মিনিটের মধ্যে গোল করে রিয়াল শিবিরে স্বস্তি ফেরার মর্ডিচ। তিন মিনিট পর গঞ্জালো হিগুয়াইনের ক্রস থেকে গোল করে স্বাগতিকদের বিদায় নিশ্চিত করেন রোনালদো। গোল করার পর উদযাপন না করে ম্যান ইউর ভক্তদের কাছ থেকে ক্ষমাই চেয়ে নেন তিনি।

তুরস্কের রেফারি কানিত কাকিরের বিতর্কিত সিদ্ধান্তে ম্যান ইউর ম্যানেজার ফার্গুসন ভীষণ হতাশ বলে সংবাদ সম্মেলনে জানান সহকারি কোচ মাইল ফেলান।

তিনি বলেন, “অসাধারণ পারফরম্যান্স একটি বাজে সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হয়েছে। ভীষণ হতাশাজনক, সবাই বিস্মিত কেন এমন হল। ম্যানেজার খুব ক্ষিপ্ত, তাই আমি এখানে।”

রিয়াল কোচ মরিনিয়ো সমবেদনা জানিয়ে বলেন, অন্য কোনো সময় ন্যানিকে হয়ত হলুদ কার্ড দেখানো হত এবং দুই দলের মধ্যে ম্যান ইউই এগিয়ে।

তিনি বলেন, “এই পর‌্যায়ের ফুটবলে একজন কম নিয়ে এত দীর্ঘ সময় খেলতে হলে খেলায় তার প্রভাব পড়াই স্বাভাবিক। আমার মতে সেরা দলটি আজ হেরে গেছে।”

শেষ ষোলর ড্র অনুষ্ঠিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে রিয়ালে পাড়ি জমানো ম্যান ইউ তারকা রোনালদোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা। ম্যান ইউর ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন তিনি।

স্বাগতিক দর্শকদের আনন্দের বাড়তি উপলক্ষ্য এনে দিয়েছিলেন রায়ান গিগস। অভিজ্ঞ এই ফুটবলার খেলতে নেমেছিলেন তার একহাজারতম ম্যাচ।

ম্যাচ শেষে রোনালদো বলেন, “আমি আমার কাজ করেছি। ওল্ড ট্র্যাফোর্ডে জেতায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সম্ভাবনা টিকে থাকল।”

“নিজের দলের জন্য আমি খুশি। তবে আজ রান আর প্রথম লেগের অনুভূতি খুব অদ্ভূত। এখানে আমি ছয় বছর কাটিয়েছি। কখনো যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবাউয়ে খেলি একই রকম অনুভূতি হবে,” যোগ করেন তিনি।