বাংলাদেশের সামনে চূড়ান্ত পর্বের হাতছানি
বুধবার এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ। জিতলেই বাংলাদেশের চূড়ান্ত পর্বে উত্তরণের উজ্জ্বল সম্ভাবনা।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া ২টায়।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটির বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের কাছে ৬-০ এবং পরের ম্যাচে ফিলিস্তিনের কাছে ৯-০ গোলে হেরেছে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ।
অন্যদিকে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে গেলেও নেপালকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ এখন দারুণ উজ্জীবিত।
টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফিলিস্তিন। নেপাল ও বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট করে। স্বাগতিক দল অবশ্য গোল গড়ে এগিয়ে আছে।
বুধবার নেপাল ফিলিস্তিনের কাছে হেরে গেলে আর বাংলাদেশ জয় কিংবা ড্র করলে রানার্সআপ হবে গ্রুপে। ৫ গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে সেরা দুই রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে।
বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ অবশ্য জয় ছাড়া আর কিছু ভাবছেন না। তিনি বলেন, “উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ সহজ প্রতিপক্ষ। নিজেদের স্বাভাবিক খেলার মাধ্যমে আমরা এই ম্যাচ জিততে চাই।”
“নেপালকে হারিয়ে আমাদের দল দারুণ উজ্জীবিত। প্রায় ২০ হাজার মানুষের সমর্থনধন্য স্বাগতিকদের বিপক্ষে ছেলেরা অসাধারণ খেলেছে,” যোগ করেন ডি ক্রুইফ।
অন্যদিকে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের কোচ কো লুয়াম বলেন, “আমরা জানি বাংলাদেশ খুবই শক্ত প্রতিপক্ষ। আমরা তাই রক্ষণাত্মক কৌশলে খেলবো। ভালো ফল পাওয়ার প্রত্যাশা করছি।”
মঙ্গলবার কাঠমান্ডুর সামরিক প্রশিক্ষণ সেন্টার মাঠে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে যান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
খেলোয়াড়দের অনুপ্রাণিত করার লক্ষ্যে তিনি বলেন, “নেপালের বিপক্ষে দারুণ খেলেছ তোমরা। আমি মনে করি এই ম্যাচ দিয়ে জাতীয় দলের নতুন অধ্যায়ের সূচনা হল।”
