আবার মুখোমুখি রিয়াল-ম্যান ইউ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবাউতে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। ওল্ড ট্র্যাফোর্ডে তাই গোলশূন্য ড্র করতে পারলেই প্রতিপক্ষের মাঠে গোল করার নিয়মে কোয়ার্টার ফাইনালে চলে যাবে ম্যান ইউ।
শেষ আটে ওঠার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ওয়েইন রুনি। ম্যান ইউ’র তারকা স্ট্রাইকার বলেন, “মৌসুমের শুরুতে আমরা বেশ কিছু গোল খেয়েছিলাম। তবে এখন আমরা গোল খাচ্ছি না, বরং দিচ্ছি। এই মুহূর্তে আমরা অনেক ভালো অবস্থায় আছি। আশা করি মঙ্গলবারও (রিয়ালের বিপক্ষে) আমরা তা ধরে রাখতে পারবো।”
সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টানা দুবার হারানোয় রিয়াল মাদ্রিদেরও আত্মবিশ্বাসের অভাব নেই। তাদের ডিফেন্ডার পেপে বলেন, “আমরা টানা দুটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। আর এটাই আমাদের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অনুপ্রেরণা জোগাবে।”
স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ। তবে বার্সাকে হারিয়ে কোপা দেল রে’র ফাইনালে উঠে যাওয়া রিয়ালকে নিয়ে বেশ দুশ্চিন্তায় অ্যালেক্স ফার্গুসন।
ম্যান ইউর কোচ বলেন, “আমরা জানি ইউরোপের সবচেয়ে ভালো পাল্টা আক্রমণ নির্ভর দলগুলোর মধ্যে রিয়াল অন্যতম। আর তাই আমাদের মাঝমাঠের লড়াইয়ে সজাগ থাকতে হবে। তারা যেন পাল্টা আক্রমণ করে আমাদের বিপদে না ফেলতে পারে।”
২০০৯ সালে ম্যান ইউ থেকেই ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে পাড়ি জমানোর পর ওল্ড ট্রাফোর্ডে এটাই ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম ম্যাচ। পর্তুগিজ তারকাকে স্বাগত জানানোর কথা জানিয়ে ফার্গুসন বলেন, “আমরা তাকে ভালো ভাবেই অভ্যর্থনা জানাবো। আমাদের সব সাবেক ফুটবলার এখানে ফেরার পর ভালো অভ্যর্থনা পেয়েছে।”
