চলে গেলেন ফুটবলার সিরাজউদ্দিন
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সিরাজউদ্দিন সিরু আর নেই। রোববার সকালে গুলবাগস্থ নিজ বাসভবনে মারা গেছেন তিনি।
তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সিরাজউদ্দিন।
রোববার বাদ আছর নামাজে জানাজা শেষে মাতুয়াইল কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
১৯৬২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে ইস্ট এন্ড ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা সিরাজউদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সোনালী অতীত ক্লাব, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে।
