এবার নেপালের সঙ্গে লড়াই
সোমবার এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়।
প্রথম ম্যাচে প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল হিসাবে বিবেচিত ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য সোমবার বাঁচা-মরার লড়াই।
নেপালের বিপক্ষে আগের ১৬টি লড়াইয়ে ১০টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ৫টি, অন্য ম্যাচটি ড্র।
তবে সাম্প্রতিক সময়ে সাফল্য নেই। ২০১১ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এসএ গেমসে নেপালের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। গত নভেম্বরে এক প্রীতি ম্যাচে দু দলের লড়াই শেষ হয় ১-১ গোলে।
তবে এবার জয়ের ব্যাপারে আশাবাদী লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশ দলের ডাচ কোচ বলেন, “নেপাল ভালো দল হলেও আমাদের জয়ের সম্ভাবনা বেশি। কারণ আমাদের দলটি অপেক্ষাকৃত বেশি ভারসাম্যপূর্ণ। আমার বিশ্বাস ছেলেরা হতাশ করবে না।”
“অবশ্য নেপাল নিজেদের মাটিতে খেলতে। এটা তাদের বাড়তি সুবিধা দেবেই। কিন্তু তাদের হারানোর সামর্থ্য আমাদের দলের আছে,” যোগ করেন তিনি।
বাংলাদেশের সহ-অধিনায়ক মামুনুল ইসলামও আশায় বুক বাঁধছেন। এই মিডফিল্ডার বলেন, “নিজেদের মাটিতে খেলছে বলে নেপাল বাড়তি সুবিধা পাবে। তবে আমরা নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে জয় না পাওয়ার কোনো কারণ নেই।”
টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়ায় বাংলাদেশের চেয়ে নেপালের অবশ্য মানসিকভাবে এগিয়ে থাকার কথা। প্রথম ম্যাচে তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে।
অবশ্য ডাচ কোচের অধিনে বাংলাদেশের ফুটবল দলও দারুণ উজ্জিবীত। তার প্রমান শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করে এক গোলে হারা। সে ম্যাচের ৭৯ মিনিটে গোলটি করে ফিলিস্তিন।
তাছাড়া নেপালের চেয়ে র্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ১৬৯ এবং নেপাল ১৭৪ তম স্থানে রয়েছে।
