লাৎসিওকে হারিয়ে তৃতীয় স্থানে মিলান
২৭ ম্যাচ থেকে মিলানের সংগ্রহ ৪৮ পয়েন্ট। পঞ্চম স্থানে নেমে যাওয়া লাৎসিওর পয়েন্ট ৪৭। কাতানিয়াকে ৩-২ গোলে হারানো ইন্টার মিলানেরও ৪৭ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় তারা আছে চতুর্থ স্থানে।
৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির ৫৩ পয়েন্ট।
সান সিরোয় শুরু থেকেই মিলানের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়া লাৎসিও ১৬ মিনিটের সময় বিরাট ধাক্কা খায়। সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে যান তাদের মিডফিল্ডার আন্তনিও কানদ্রেভা।
দশ জনের দল নিয়ে পেরে ওঠেনি অতিথিরা। ৪০ মিনিটে স্ট্রাইকার জিয়ামপাওলো পাজ্জিনি ও ৪৪ মিনিটে ঘানার মিডফিল্ডার কেভিন প্রিন্স বোটেংয়ের লক্ষ্যভেদে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় মিলান।
৬০ মিনিটে পাজ্জিনির আরেকটি গোল জয় নিশ্চিত করে দেয় স্বাগতিকদের।
