২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের সৌজন্যে ভারতের দিন

হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বোলারদের নৈপুণ্যে ভালোই কেটেছে ভারতের। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩৭ রান তুলে ইনিংস ঘোষণা করার পর দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা একদমই ভালো হয়নি।

পেসার ভুবনেশ্বর কুমারের তোপে ১৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা অতিথিরা মধ্যাহ্ন-বিরতির সময় ৮৩ রানে ৪ উইকেট নিয়ে বেশ অস্বস্তিতে ছিল।

তবে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও উইকেট রক্ষক ম্যাথু ওয়েডের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় অতিথিরা। দুজনে মিলে দ্বিতীয় সেশনে কোনো ক্ষতি হতে দেননি অস্ট্রেলীয়দের।

কিন্তু চা-বিরতির পর খেলায় নাটকীয় পরিবর্তন। হরভজন সিং ৬২ রান করা ওয়েডকে ফিরিয়ে ১৪৫ রানের জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

৪ উইকেটে ২০৮ থেকে ৯ উইকেটে ২৩৬ রানে পরিণত হওয়ার পর ‘রণে ভঙ্গ’ দিয়ে ইনিংস ঘোষণা করে তারা। নবম ব্যাটসম্যান হিসাবে আউট হওয়া ক্লার্কের ব্যাট থেকে আসে ৯টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ ৯১ রান।

তিনটি করে উইকেট নেন ভুবনেশ্বর ও বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।

দিনের শেষ ভাগে ভারতকে বিপদে ফেলার আশায় ইনিংস ঘোষণা করেন ক্লার্ক। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়কের আশা পূরণ হয়নি।

বীরেন্দর শেবাগ ও মুরালি বিজয় কোনো রকমে ৩ ওভার কাটিয়ে, উইকেটের ঘর অক্ষত রেখে ফিরে আসেন মাঠ থেকে।

চার টেস্টের সিরিজের প্রথমটিতে জয় পাওয়া ভারত অপরিবর্তিত দল নিয়ে খেললেও অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন। নাথান লিয়ন ও মিচেল স্টার্কের জায়গায় সুযোগ পেয়েছেন জাভিয়ের ডোহার্টি ও গ্লেন ম্যাক্সওয়েল। এর মধ্যে ম্যাক্সওয়েলের অভিষেক হচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩৭/৯ ডিক্লে. (ওয়ার্নার ৬, কাওয়ান ৪, হিউজ ১৯, ওয়াটসন ২৩, ক্লার্ক ৯১, ওয়েড ৬২, হেনরিক্স ৫, ম্যাক্সওয়েল ১৩, সিডল ০, প্যাটিনসন ১*, ডোহার্টি ০*; জাদেজা ৩/৩৩, ভুবনেশ্বর ৩/৫৩, হরভজন ২/৫২, অশ্বিন ১/৪১)

ভারত প্রথম ইনিংস: ৫/০ (বিজয় ০*, শেবাগ ৪*)