জুভেন্টাস-নাপোলি লড়াই অমীমাংসিত
ইতালিয়ান সেরি-আ’য় নাপোলির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরলেও জুভেন্টাসের অখুশি হওয়ার কথা নয়। লিগের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান যে ৬-ই রইলো।
২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সমান ম্যাচে নাপোলির সংগ্রহ ৫৩ পয়েন্ট।
এক ম্যাচ কম খেলে যথাক্রমে ৪৭ ও ৪৫ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে লাৎসিও এবং এসি মিলান। শনিবার রাতে মিলানের মাঠ সান সিরোতে মুখোমুখি হবে দুদল।
নাপোলির স্তাদিও সান পাওলোতে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।
দশম মিনিটে ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৪৩ মিনিটে সুইস মিডফিল্ডার গোখান ইনলারের লক্ষ্যভেদে সমতায় ফেরে নাপোলি। বিরতির পর দুদল অনেক চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি।
সেরি আয় নাপোলির এটি টানা চতুর্থ ড্র। ইতালির লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে সর্বশেষ ছয় ম্যাচে তারা জয়হীন। এর মধ্যে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনের কাছে হেরে ইউরোপা লিগের শেষ ৩২ দলের লড়াই থেকে বিদায়ও নিয়েছে।
