হার দিয়ে শুরু বাংলাদেশের
এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। শনিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।
৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার হাইতেম ধিব।
এর আগ পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে ১৬৯ নম্বরে থাকা বাংলাদেশ সমান তালে লড়াই করছিল র্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে থাকা ফিলিস্তিনের সঙ্গে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
বাংলাদেশের দুর্ভাগ্য, প্রথমার্ধে দুটো দারুণ সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। ম্যাচের তৃতীয় মিনিটেই ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কনের চমৎকার ফ্রিকিক কোনো রকমে ঠেকিয়ে দেন ফিলিস্তিনের গোলরক্ষক।
১৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড সোহেল রানা। প্রতিপক্ষে এক ডিফেন্ডার গোলরক্ষককে ব্যাক পাস করলে বল পেয়ে যান তিনি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
খেলার শুরুতে ফিলিস্তিনও দুটো সুযোগ পেয়েছিল। চতুর্থ মিনিটে তাদের মিডফিল্ডার হুসামের ফ্রিকিক দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক শহীদুল আলম সোহেল। পরের মিনিটেই মিডফিল্ডার মুসার ফ্রিকিক গোললাইন থেকে হেড করে ফিরিয়ে দেন ডিফেন্ডার কেস্ট কুমার।
প্রথম ম্যাচেই হেরে যাওয়া বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে গেল। তবে পরের দুই ম্যাচে নেপাল ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে হারাতে পারলে সেই সম্ভাবনা টিকে থাকবে। সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
ফিলিস্তিনের কাছে হারের জন্য ডিফেন্ডারদের ওপরে বেশ ক্ষুব্ধ বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। খেলাশেষে তিনি বলেন, “ডিফেন্ডারদের কিছু ভুলের কারণে গোলটি হজম করেছি আমরা। তা না হলে ম্যাচটি ড্র করতে পারতাম। তাছাড়া পুরো ম্যাচেই ভালো খেলেছে দল। আশা করছি পরের ম্যাচে জয় পাবো আমরা।”
ফিলিস্তিন কোচ জামাল মাহমুদ জানিয়েছেন, “আমরা জয় পেলেও প্রতিপক্ষ বাংলাদেশ খুবই ভালো খেলেছে। তারা অনেক উন্নতি করেছে। আর আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি তাই এই জয় পেয়েছি।”
দিনের অন্য ম্যাচে স্বাগতিক নেপালে ৬-০ গোলে হারিয়েছে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে।
