২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মুখোমুখি বার্সা-রিয়াল

সপ্তাহ না ঘুরতেই আবার মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। কিন্তু গত মঙ্গলবারের এল ক্লাসিকোর রোমাঞ্চ এবার অনেকটাই অনুপস্থিত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Mar 2013, 10:31 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাবাউয়ে খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায়।

মঙ্গলবার কোপা দেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালের কাছে ঘরের মাঠে ৩-১ গোলের হেরে বিদায় নেয়া বার্সা ইদানীং বেশ অস্বস্তিকর সময়ের ভেতর দিয়ে যাচ্ছে।

অসুস্থতার কারণে অনেক দিন ধরে কোচ টিটো ভিলানোভাকে না পাওয়া বার্সা গত ২০ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগেও এসি মিলানের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছিল।

স্প্যানিশ লা লিগার শিরোপা ফিরে পাওয়ার পথে অনেকখানি এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ের ব্যর্থতায় বার্সার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার কপালে দুশ্চিন্তার ভাঁজ।

তিনি বলেন, “হেরে যাওয়া দুটি ম্যাচ নিয়ে গভীরভাবে ভাবতে হবে আমাদের। আমরা কোথায় ভুল করেছি আর কোথায় উন্নতি করতে হবে তা বের করতে হবে।”

লিগে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতেলেতিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে বার্সা। আর গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান ১৬ পয়েন্ট।

লা লিগার শিরোপার আশা ছেড়ে দেয়া রিয়াল তাকিয়ে কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের দিকে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর প্রথম লেগে ম্যান ইউর সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা রিয়ালের শনিবারের এল ক্লাসিকোর চেয়ে আগামী মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডের ফিরতি লেগ নিয়ে একটু বেশিই উদ্বিগ্ন থাকার কথা।

সেই ম্যাচের জন্য বার্সার বিপক্ষে কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন রিয়ালের কোচ জোসে মরিনিয়ো। নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে অবশ্য এমনিতেই পাচ্ছেন না তিনি।