২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ পিছিয়ে মঙ্গলবার থেকে

পিছিয়ে গেল স্বাধীনতা কাপ ফুটবলের বাছাই পর্ব। শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে মঙ্গলবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও বাংলাদেশ বিমানবাহিনী। চ্যাম্পিয়নশিপ লিগের ৭টি দল, তিনটি সার্ভিসেস দল ও তিনটি বিশ্ববিদ্যালয় বাছাই পর্বে অংশ নেবে।

১২টি দলকে নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৩ মার্চ থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯টি ক্লাবের সঙ্গে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে গতবারের চাম্পিয়ন ফরাশগঞ্জ। বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে দুটি দল।

চ্যাম্পিয়ন পাঁচ ও রানার্সআপ দল তিন লাখ টাকার পুরস্কার পাবে। সেমিফাইনালে ওঠা বাকি দুই দলের পুরস্কার ৫০ হাজার টাকা করে। এছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেয়া প্রত্যেক দলকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে এটিএন বাংলা দিচ্ছে ১২ লাখ টাকা।

শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী।

তিনি বলেন, “প্রচার-প্রচারণা ও গুরুত্বপূর্ণ খেলাগুলো সরাসরি দেখাবে এটিএন-বাংলা। তাই আর্থিক বিষয়টাকে তেমন ‍গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না।”