ইতিহাস গড়তে ব্যর্থ সিদ্দিক
বাংলাদেশের প্রথম গলফার হিসাবে ওপেন চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ ছিল তার সামনে। কিন্তু ইতিহাস গড়তে পারেননি সিদ্দিকুর রহমান।
অথচ বৃহস্পতিবার ৭২ পারের দুই রাউন্ডের প্রতিযোগিতার প্রথম দিনটি দারুণ কেটেছিল তার। নির্ধারিত শটের চেয়ে ৬ শট কম নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিলেন দেশসেরা গলফার।
কিন্তু শুক্রবার দ্বিতীয় রাউন্ডে দুর্ভাগ্য সঙ্গী হয় সিদ্দিকের।
১৭তম হোলের খেলায় বল পানিতে ফেলে দেন তিনি। সব মিলিয়ে ১৩৯ শট খেলে পারের চেয়ে ৫ শট এগিয়ে থাকেন। কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন শট বেশি নেয়ায় চূড়ান্ত পর্বে যেতে পারেননি।
পারের চেয়ে ১৩ শট কম নিয়ে প্রথম হন স্বাগতিক দলের কিরাদেচ আফিবার্নরাত।
