শুরুতেই বাংলাদেশের কঠিন পরীক্ষা
শনিবার এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল হিসাবে বিবেচিত ফিলিস্তিন।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া দুইটায়।
এর আগে দুবার ফিলিস্তিনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে একটিতে ড্র করেছে, আর অন্যটি হার মেনেছে।
২০০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপে দু দলের লড়াই শেষ হয়েছিল ১-১ গোলে। তার পাঁচ বছর পর মিয়ানমারে আরেকটি চ্যালেঞ্জ কাপের লড়াইয়ে বাংলাদেশ ২-০ গোলে হেরে যায়।
ফিলিস্তিনের ফুটবল এই উপমহাদেশের চেয়ে এখন অনেকখানি এগিয়ে। কিছুদিন আগে একটি প্রীতি ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ তাই শনিবারের প্রতিপক্ষকে নিয়ে বেশ দুশ্চিন্তায়। তিনি বলেন, “ভারতের বিপক্ষে ফিলিস্তিনের ম্যাচটি আমি দেখেছি। তাদের দলে কয়েক জন দুর্দান্ত ফুটবলার আছে। তারা যে কোনো সময় খেলার ভাগ্য গড়ে দিতে পারে।”
“বিশেষ করে তাদের আশরাফ নোমান নামের এক ফুটবলার একাই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে সক্ষম,” যোগ করেন তিনি।
তাই বলে বাংলাদেশের নতুন কোচ হাল ছেড়ে দিতে রাজি নন। তিনি বলেন, “ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার জন্য আমার দল প্রস্তুত। প্রত্যেকে জয়ের জন্য মুখিয়ে আছে। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের জয়ের জন্য প্রার্থনা করবেন।”
“কয়েক দিন ধরে খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে। তারা এখন খুবই উজ্জীবিত, অনুপ্রাণিত। কঠিন লড়াইয়ের জন্যও প্রস্তুত। আশা করি শনিবার আমরা ভালো খেলতে পারবো,” যোগ করেন ডি ক্রুইফ।
ফিলিস্তিন অবশ্য পুরো শক্তির দল নিয়ে কাঠমান্ডুতে যেতে পারেনি। দলটির এক কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারাহ জানিয়েছেন, “বিদেশের বিভিন্ন লিগে খেলা ১২ জন ফুটবলারকে ছাড়াই আমাদের দল গড়তে হয়েছে। ছুটি না পাওয়ায় তারা দলের সঙ্গে যোগ দিতে পারেনি। আমরা শুধু দুজন পেশাদার ফুটবলারকে দলে পেয়েছি। তারা হলেন আব্দুল লতিফ আল গাদারি ও আশরাফ ওয়াফরা।”
