চ্যালেঞ্জ কাপে দুই তরুণের প্রত্যয়, আশাবাদ
দেশের অন্যতম দুই সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন চোটের কারণে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে খেলতে পারছেন না। তাদের অনুপস্থিতিতে প্রথম বারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া স্ট্রাইকার তখলিস আহমেদ ভালো খেলতে দৃঢ় প্রতিজ্ঞ।
অন্যদিকে তরুণ ফরোয়ার্ড সোহেল রানা বাংলাদেশ দলের সাফল্যের ব্যাপারে আশাবাদী।
বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্থানীয় সাংবাদিকদের তখলিস বলেন, “ডাচ কোচ আমার ওপরে যে আস্থা রেখেছেন আমি তার প্রতিদান দিতে প্রস্তুত। প্রথম একাদশে জায়গা পেলে নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করবো। জাতীয় দলে আমি একেবারে নতুন। আমার জন্য এটা বিশাল এক সুযোগ।”
“এই সুযোগ কাজে লাগাতে পারলে দল যেমন উপকৃত হবে, তেমনি আমার ক্যারিয়ারেরও মোড় ঘুরে যাবে। আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত। দলের সবাই নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি প্রতিযোগিতায় বাংলাদেশ ভাল করবে,” যোগ করেন বিজেএমসির এই স্ট্রাইকার।
সোহেল রানাও বাংলাদেশের ভালো ফলাফলের আশা ব্যক্ত করে বলেন, “অনুশীলনে প্রতিটি খেলোয়াড় খুবই আন্তরিক। ডাচ কোচের কাছ থেকে প্রত্যেকেই কিছু-না কিছু শিখতে আগ্রহী। সেজন্যই আমার মনে হচ্ছে প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো করবে।”
“আমরা প্রত্যেকেই একে অন্যকে সাহায্য করছি। নেপালে আমাদের প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে। এরই মধ্যে আমরা স্থানীয় আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি,” যোগ করেন তিনি।
বাংলাদেশ দল এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত। বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর পুলিশ হেডকোয়ার্টার মাঠে অনুশীলনের পর দুই দলে ভাগ হয়ে একটি ম্যাচ খেলেন ফুটবলাররা।
শনিবার প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর ৪ মার্চ স্বাগতিক নেপাল এবং ৬ মার্চ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সঙ্গে লড়াই।
