রিয়ালের প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ
বার্সাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠা রিয়াল মাদ্রিদ এবার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে। সেভিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে তারা।
ফাইনালে ১৮ মে হলেও ভেন্যু এখনো ঠিক করা হয়নি।
বুধবার সেভিয়ার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে অ্যাতলেতিকো মাদ্রিদ। গত মাসে প্রথম লেগের খেলায় ২-১ গোলো জেতায় ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠে গেছে ফ্যালকাওয়ের দল।
এর আগে মঙ্গলবার ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ।
নিজের মাঠে প্রথম লেগে জয় পাওয়ায় কিছুটা এগিয়ে থেকেই সেভিয়ার মাঠে অতিথি হয়ে খেলতে এসেছিলো অ্যাতলেতিকো মাদ্রিদ। ৬ মিনিটে চমৎকার এক গোলে অতিথিদের এগিয়ে নেন দিয়েগে কস্তা। টুর্নামেন্টে এটি তার সপ্তম গোল।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্যালকাও। ৪-১ গোলের অগ্রগামিতা পাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে খেলতে থাকে অ্যাতলেতিকো মাদ্রিদ।
এদিকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে সেভিয়া। ৩৯ মিনিটে জেসাস নাভাস গঞ্জালেজের গোল তাদের আশান্বিত করে তোলে।
তবে আপ্রাণ চেষ্টা করেও আর গোলের দেখা পাচ্ছিলো না স্বাগতিকরা। উল্টো ৭৬ মিনিটে কস্তাকে অবৈধভাবে বাধা দেয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে জেরি মেডেল মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া।
খেলার সংযোজিত সময়ের প্রথম মিনিটে ইভান র্যাকিটিক গোল খেলায় সমতা আনেন।
খেলার শেষ মিনিটে ডিয়েগো কস্তাকে ফাউল করলে সরাসরি লাল দেখেন জিওফরি কনডোগবিয়া।
ম্যাচ শেষে স্পেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ফ্যালকাও বলেন, “কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা অ্যাতলেতিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
