২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ কাপ কোপা দেল রের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Feb 2013, 04:25 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিকদের ৩-১ গোলে হারায় রিয়াল।

খেলার ১৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। জেরার্ড পিকে বল নিয়ে দ্রুতগতিতে ডি বক্সে ঢুকে পড়া রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় বার্সা গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টোকে পরাস্ত করেন পর্তুগিজ এই তারকা।

প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের মাঠে টানা ছয়টি এল ক্ল্যাসিকোতে গোল করলেন রোনালদো।

৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সবচেয়ে দামি এই খেলোয়াড়। অ্যাঙ্গেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে অসাধারণ নৈপুণ্যে তা জালে জড়ান তিনি।

২০০৯ সালে রিয়ালে যোগ দেয়ার পর বার্সেলোনার বিপক্ষে ১৮ ম্যাচে এটি রোনালদোর দ্বাদশ গোল। আর ন্যু ক্যাম্পে দ্বিতীয়বারের মতো জোড়া গোল করলেন তিনি।

রিয়ালের হয়ে ৬৮ মিনিটে অন্য গোলটি করেন রাফায়েল ভার্ন। মেসুত ওজিলের কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোলটি করেন তিনি। রক্ষণভাগের এই খেলোয়াড়ের গোলেই গত মাসে নিজেদের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে পিছিলে পড়েও ১-১ গোলে ড্র করেছিল রিয়াল।

বার্সেলোনার হয়ে ৮৯ মিনিটে একটি গোল শোধ করেন জোডি আলবা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই ম্যাচের আগে ঘরের মাঠে টানা ২২টি ম্যাচে অপরাজিত ছিলো বার্সেলোনা।

এই নিয়ে রেকর্ড ৩৮তম বারের মতো কোপা দেল রের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। আগের ৩৭টি ফাইনালের মধ্যে তারা জিতেছে ১৮টিতে, হেরেছে ১৯টি।

দুই লেগ মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৪-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে ওঠার পর স্পেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস বলেন, “খুব ভালো খেলেছি এমন মানসিকতা নিয়ে আমরা ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলতে আসি। বার্সেলোনার বিপক্ষে সবসময়ই আমাদের ভুগতে হয়। কারণ তারা জায়গা দখল করে এবং সবকিছু কঠিন করে তোলে। কিন্তু আমরা খুব ভালোভাবে লড়াই করেছি।”

রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ রামোস বলেন, “আমরা সবসময়ই বলেছি সে (রোনালদো) বিশ্বসেরা। এই ধরনের বড় খেলায় সে নিজেকে তুলে ধরে।”

১৮ মের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে অ্যাতলেতিকো মাদ্রিদ বা সেভিয়া।

বুধবার নিজেদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দল দুটি। প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

শনিবার সান্টিয়াগো বার্নাব্যুতে আবারো বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। লা লিগার ওই ম্যাচের মাত্র চারদিন আগে পাওয়া এই জয় স্বাভাবিকভাবেই উজ্জীবিত করে রাখবে হোসে মরিনহোর দলকে।

যদিও শীর্ষে থাকা বার্সার চেয়ে এরই মধ্যে ১৬ পয়েন্ট পিছিয়ে পড়ায় রিয়ালের লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন প্রায় শেষ।