হকি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশের পারফরম্যান্সে হকি ফেডারেশন আনন্দিত। জাতীয় দলের জন্য স্থায়ীভাবে একজন বিদেশি কোচ নিয়োগ এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর চিন্তা-ভাবনা করছে তারা।
কয়েকটি প্রতিষ্ঠানও এখন হকি নিয়ে আগ্রহী। এরই মধ্যে জাতীয় দলের জন্য বিদেশি কোচ নিয়োগের বিষয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জনতা ব্যাংক। মার্চের শুরুতে জনতা ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে চুক্তি হতে যাচ্ছে হকি ফেডারেশনের।
এ প্রসঙ্গে জনতা ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “৭ মার্চ হকি ফেডারেশনের সঙ্গে আমাদের চুক্তি হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তি হবে। ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে।”
চুক্তি অনুযায়ী হকি ফেডারেশনকে এক বছরে ৯০ লাখ ৪৪ হাজার টাকা দেবে জনতা ব্যাংক।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “জনতা ব্যাংকের সঙ্গে চুক্তির পর বছর জুড়ে জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলনের মধ্যে রাখা হবে। খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে আনার কথাও আমরা ভাবছি।”
