নেইমারকে ‘পাওয়ার’ দাবি আলভেসের
বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের দাবি, নেইমার তাদের দলে যোগ দিতে যাচ্ছেন। আলভেসকে উদ্ধৃত করে চীনের সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, বার্সার সঙ্গে চুক্তি সম্পন্নও হয়ে গেছে নেইমারের।
চুক্তি অনুযায়ী আগামী বিশ্বকাপের পর নেইমারের বার্সায় যোগ দেয়ার কথা। এর মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে তার।
এ প্রসঙ্গে আলভেস বলেন, “চুক্তি অনুযায়ী অদূর ভবিষ্যতে সে (নেইমার) এই দলে (বার্সেলোনা) যোগ দেবে। তবে তার জায়গায় আমি থাকলে যত দ্রুত সম্ভব এখানে চলে আসতাম। কারণ এখানে খেললে বিশ্বকাপের আগে তার খেলার অনেক উন্নতি হতো। তাছাড়া এমন একটা দলে সে আসছে যে দলের খেলার ধরণের সঙ্গে তার খেলার মিল রয়েছে।”
“আমার মতামত তাকে আগেই জানিয়েছি। সে জানে বার্সেলোনা তাকে কী দিতে পারে। কিন্তু তাকে জোর করে এখানে ধরে নিয়ে আসা তো আমার পক্ষে সম্ভব নয়,” যোগ করেন তিনি।
