২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ এপ্রিল থেকে বাংলাদেশ গেমস

অষ্টম বাংলাদেশ গেমস শুরু হবে ২০ এপ্রিল থেকে। আর শেষ হবে ২৮ এপ্রিল। সোমবার এক সভা শেষে আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানিয়েছেন এ কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 03:52 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সর্বশেষ ২০০২ সালে বাংলাদেশ গেমস হয়েছিল।

এবারের প্রতিযোগিতায় ৩১টি খেলা হবে। ৩০০রও বেশি সোনার পদকের লড়াইয়ে প্রায় ১০ হাজার ক্রীড়াবিদের অংশ নেয়ার কথা। ভেন্যুর সংখ্যা ১২টি।

সোমবারের সভায় গেমসের জন্য ১৬৫ সদস্যের সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সম্পাদক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া গেমস সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ১৪টি উপ-কমিটিও গঠন করা হয়েছে। গেমসের বাজেট ধরা হয়েছে ৭ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় দেবে ৫ কোটি টাকা। বাকি টাকা পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাবে বিওএ। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য প্রায় দেড় কোটি টাকার বাজেট ধরা হয়েছে। এবারের বাংলাদেশ গেমসে কী নিয়মের ভিত্তিতে দলগুলো অংশ নেবে সে সম্পর্কে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিওএ জানিয়েছে, ফেডারেশনগুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে তারা সর্বশেষ জাতীয় প্রতিযোগিতা থেকে যোগ্যতার ভিত্তিতে দশটি জেলাকে সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছে। কোনো প্রস্তুতি ছাড়া, তাড়াহুড়া করে এবারের বাংলাদেশ গেমস আয়োজিত হতে যাচ্ছে বলে ক্রীড়াঙ্গনে গুঞ্জন উঠেছে। এ প্রসঙ্গে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, “সবগুলো ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই প্রতিযোগিতার দিন-ক্ষণ ঠিক করা হয়েছে। তাড়াহুড়া করে গেমস আয়োজন নিয়ে যে কথা উঠেছে তা ঠিক নয়।”