আরেকটি এল ক্লাসিকোর রোমাঞ্চ
আরেকটি এল ক্লাসিকো সমাগত। মঙ্গলবার কোপা দেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
রিয়ালের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। এবারের এল ক্লাসিকোতে তাই গোলশূন্য ড্র করলেই প্রতিপক্ষের মাঠে গোল করার নিয়মে ফাইনালে চলে যাবে গতবারের চ্যাম্পিয়ন বার্সা।
আগের দিন লিওনেল মেসি জানিয়েছিলেন, ড্র নয়, জয়ের লক্ষ্যেই বার্সা খেলবে। সোমবার সেস ফ্যাব্রেগাসের কণ্ঠেও প্রায় অভিন্ন কথা।
বার্সার মিডফিল্ডার বলেন, “রিয়াল মাদ্রিদ খুবই ভয়ঙ্কর দল। তাই ফাইনালে উঠতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। গোলপোস্টের সামনে লক্ষ্য ঠিক রাখতে হবে আমাদের।”
স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে পড়ায় রিয়ালের শিরোপা ধরে রাখার স্বপ্ন প্রায় শেষ। তাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে জিততে মরিয়া জোসে মরিনিয়োর দল।
অতিথিদের জন্য অস্বস্তিকর তথ্য, ঘরের মাঠে টানা ২২ ম্যাচে বার্সা অপরাজিত। তবে সর্বশেষ ছয়টি এল ক্লাসিকোয় মাত্র একবার জিতেছে বার্সা, রিয়াল জিতেছে দুটি, বাকি তিনটি ড্র।
আগের ২২৪টি মুখোমুখি লড়াইয়ে রিয়ালের জয় ৮৮টি, বার্সার ৮৭টি, আর অমীমাংসিত ম্যাচ ৪৯টি।
কোপা দেল রের হিসাবে অবশ্য বার্সেলোনা এগিয়ে। আগের ৩১ ম্যাচে বার্সার ১৪ জয়ের বিপরীতে রিয়ালের জয় ১০টি, বাকি সাত ম্যাচ ড্র।
