দুই মিলানের লড়াই অমীমাংসিত
বছরের প্রথম মিলান ‘ডার্বি’তে কেউ জিততে পারেনি। রোববার ইতালিয়ান সেরি-আ’য় ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান।
তবে আগের ম্যাচে এএস রোমার কাছে হেরে যাওয়া জুভেন্টাস জয় পেয়েছে। ঘরের মাঠে সিয়েনাকে ৩-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের শীর্ষস্থান আরো মজবুত এখন। অন্যদিকে ইন্টারের সঙ্গে ড্র করে শিরোপা-দৌড় থেকে আরো পিছিয়ে পড়েছে এসি মিলান। ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে।
সান সিরোয় ‘অতিথি’ মিলানকে ২১ মিনিটের সময় এগিয়ে দেন স্ট্রাইকার স্তেফান এল শারাউই।
বিরতির আগে আরো কয়েকটি সুযোগ পেলেও মিলান আর ব্যবধান বাড়াতে পারেনি।
বরং ৭১ মিনিটে বদলি মিডফিল্ডার এজেকুইয়েল স্কেলেত্তোর গোলে সমতা নিয়ে আসে ইন্টার। এরপর আর কেউ লক্ষ্যভেদ না করায় দুই মিলানের লড়াই শেষ হয় ১-১ অমীমাংসায়।
