এল ক্লাসিকোতে মেসির লক্ষ্য জয়
গোলশূন্য ড্র করলেই ফাইনাল নিশ্চিত। তবে লিওনেল মেসি জানিয়েছেন, মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগে জয়ের লক্ষ্যে খেলবেন তারা।
রিয়ালের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
বার্সেলোনার মাঠ নিউ ক্যাম্পে মঙ্গলবারের এল ক্লাসিকো প্রসঙ্গে টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি বলেন, “সব সময় যেভাবে খেলি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিউ ক্যাম্পেও আমরা সেভাবেই খেলবো। ০-০ ফলাফলের দিকে আমরা তাকিয়ে নেই।”
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে এসি মিলানের মাঠে ২-০ গোলে হেরে যায় বার্সা। তবে শনিবার স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকখানি ফিরে পেয়েছে তারা।
সেভিয়ার সঙ্গে জিততে পেরে দারুণ খুশি মেসি। তিনি বলেন, “আমরা জানতাম এই ম্যাচটা কঠিন হবে। বিশেষ করে মিলানের বিপক্ষে অমন ফলাফলের পর। শেষ পর্যন্ত আমরা জিতেছি আর এটাই আসল কথা। এখন তাই আমার খুব ভালো লাগছে।”
রিয়াল মাদ্রিদের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার লা লিগার শিরোপা পুনরুদ্ধার প্রায় নিশ্চিত এখন।
