চেলসিকে হারালো ম্যান সিটি
রোববার চেলসিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি।
যদিও শীর্ষে থাকা নগর-প্রতিদ্বন্দ্বীর চেয়ে এখনো অনেক পিছিয়ে আছে তারা। শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সকে একই ব্যবধানে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেছে।
দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৫৬। ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় চেলসির শিরোপা-স্বপ্ন আরো ধূসর এখন।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ম্যান সিটি। অন্যদিকে চেলসি তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে সেই আকর্ষণীয় লড়াই আনন্দের উপলক্ষ্য এনে দেয় স্বাগতিকদের মনে।
৬৩ মিনিটে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ৮৫ মিনিটে গতবারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ।
