২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের দল ঘোষণা

এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বের জন্য রোববার ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছেন কোচ লোডভিক ডি ক্রুইফ।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

মাত্র চার সেশন অনুশীলন করানোর সুযোগ পাওয়া ডি ক্রুইফের দলে দুজন নবাগত - বিজেএমসির স্ট্রাইকার তখলিস আহমেদ ও ব্রাদার্স ইউনিয়নের মিডফিল্ডার জামাল হোসেন।

৩১ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আট জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও ফরোয়ার্ড জাহিদ হোসেন। দুজনই চোটের কারণে সুযোগ পাননি।

আগামী ২ থেকে ৬ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে অংশ নিতে সোমবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

রোববার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতায় ভালো করার প্রত্যয় জানিয়ে ক্রুইফ বলেন, “চ্যালেঞ্জ কাপ থেকে আমরা কিছু হলেও অর্জন করতে চাই। আমরা সেখানে বেড়াতে যাচ্ছি না। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব।”

“এই প্রতিযোগিতায় ফিলিস্তিন সবচেয়ে শক্তিশালী দল। নেপাল নিজেদের মাটিতে খেলছে। তারাও তাই শক্ত প্রতিপক্ষ হতে পারে। তবে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ সম্পর্কে আমাদের তেমন কিছু জানা নেই,” যোগ করেন বাংলাদেশের ডাচ কোচ।

দলের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, “অনুশীলনে নিজেকে আলাদাভাবে চেনানোর জন্য প্রত্যেকের আগ্রহ আর চেষ্টার কমতি ছিল না। এটা আমার কাছে খুবই ইতিবাচক বলে মনে হয়েছে। আমার বিশ্বাস, এই দল ভবিষ্যতে অনেক ভালো করবে।”

অন্যদিকে ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তোষ প্রকাশ করে সহকারী কোচ রেনে কোস্টার বলেন, “মাত্র দুদিন অনুশীলন করানোর সুযোগ পেলেও আমি বুঝতে পেরেছি, খেলোয়াড়দের ফিটনেস যথেষ্ট ভালো। কয়েক জনের চোট থাকলেও এখন তারা অনেকটাই সেরে উঠেছে।”

অধিনায়ক মোহাম্মদ সুজন বলেন, “এমিলি ও জাহিদ না থাকায় দলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে যারা নতুন এসেছে তারা নিশ্চয়ই ভাল করবে। নেপালে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।”


বাংলাদেশ দল: মামুন খান, মেজবাবুল হক মানিক, মারুফ আহমেদ, সোহেল রানা, শহীদুল আলম সোহেল, মোহাম্মদ সুজন, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, আব্দুল বাতেন কোমল, শাখাওয়াত হোসেন রনি, প্রাণতোষ কুমার, আশরাফ মাহমুদ লিঙ্কন, মামুন মিয়া, মামুনুল ইসলাম, মিঠুন চৌধুরী, রায়হান হাসান, নাসির উদ্দিন, শাকিল আহমেদ, আলমগীর কবির রানা, জিয়াউর রহমান, কেস্ট কুমার বোস, তখলিস আহমেদ ও জামাল হোসেন।