২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারকে ঘৃণা রোনালদোর

কোনো হারই মেনে নিতে পারেন না ক্রিস্টিয়ানো রোনালদো। কোনো ম্যাচে তার দল হেরে গেলে টানা দুই-তিন রাত ভালো মতো ঘুমাতেও পারেন না রিয়াল মাদ্রিদের তারকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 03:51 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

যুক্তরাষ্ট্রের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি কোনো বড় ম্যাচের কথা বলেন, এই যেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সেমিফাইনাল বা ফাইনাল, তাহলে বলবো যে ঐ ম্যাচে হেরে গেলে আমি ঘুমাতে পারি না।”

“শুধু সেই রাতটি নয়, পরের দুই-তিন রাতেও ঘুমাতে পারি না। আমাদের ক্যারিয়ারে হার মানেই বিরাট ক্ষতি। এটা হওয়া উচিৎ নয়। কিন্তু তা হয়,” যোগ করেন রোনালদো।

মাঠের বাইরে তার ব্যবহার নিয়ে ভক্তদের অসন্তোষ কিংবা গণমাধ্যমে তার সম্পর্কে মিথ্যা প্রচারণা নিয়েও কথা বলেন রোনালদো।

তিনি বলেন, “আমার মধ্যে ভক্তরা সেটাই দেখতে পায় যা তারা দেখতে চায়। হ্যাঁ, ক্যারিয়ারের প্রয়োজনে কখনো-কখনো নিজের এবং অন্যদের মাঝে আমাকে একটা দেয়াল তৈরি করতে হয়। কিন্তু তাতে আমার চরিত্র বদলায় না। আমি আগের মতোই থাকি।”

“আমি পত্রিকা পড়ি কিনা? আমি সে রকম মানুষ নই যে কোনো খারাপ কাজ করার পর টেলিভিশনে বা পত্রিকায় তার প্রতিফলন দেখতে চায়। তবে সমালোচনা আমাদের জীবনেরই একটা অংশ। এর সঙ্গেই আমাদের বসবাস করতে হবে,” যোগ করেন সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার।