চেলসির মুখোমুখি ম্যান সিটি
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও সাবেক চ্যাম্পিয়ন চেলসি। খেলা হবে ম্যান সিটির ইতিহাদ স্টেডিয়ামে।
২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা ফিরে পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা। কারণ দ্বিতীয় স্থানে থাকলেও ম্যান সিটি তাদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে। ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।
তবু শিরোপা ধরে রাখার আশা ছাড়তে রাজি নন ম্যান সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। তিনি বলেন, “আমরা সবাই দলের প্রতি শতভাগ নিবেদিত এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। অতীতে আমরা তা প্রমাণও করেছি। আবার কেন তা পারবো না?”
অন্যদিকে চেলসির কোচ রাফায়েল বেনিতেজ প্রতিপক্ষকে নির্দ্বিধায় এগিয়ে রেখেই লড়াইয়ে নামছেন। তিনি বলেন, “সিটি খুবই ভালো দল। গত পাঁচ বছরে ওরা অনেক উন্নতি করেছে। ওদের দারুণ সব খেলোয়াড় আছে। পাশাপাশি অসাধারণ একজন কোচও(রবার্তো মানচিনি) আছে। তাই ওদের হারানো খুবই কঠিন।”
ইপিএলের সর্বশেষ তিন রাউন্ডে কোনো দলের পারফরম্যান্সই ভালো নয়। একটি হারের বিপরীতে দুটি ড্র করেছে সিটি। আর চেলসি একটি জিতলেও বাকি দুটি ড্র।
সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে অবশ্য কেউ এগিয়ে নেই। সর্বশেষ পাঁচটি ম্যাচে দু দলই জিতেছে দুটি করে, অন্যটি ড্র।
