২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চয়নের নৈপুণ্যে বাংলাদেশের আরেকটি জয়

মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিকসহ চার গোলে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ফিজিকে ৮-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

চোটের কারণে তার মাঠে নামা নিয়ে সংশয় ছিল। তবে সব সংশয় পেছনে ফেলে মামুনুর রহমান চয়ন শুধু মাঠেই নামেননি, হ্যাটট্রিকসহ চার গোল করে বাংলাদেশকে এনে দিয়েছেন টানা তৃতীয় জয়। শনিবার বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ফিজিকে ৮-৪ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠার আশাও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

৬ দলের গ্রুপে ৪ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। আয়ারল্যান্ডেরও ৯ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে থাকায় আইরিশদের অবস্থান দ্বিতীয়।

রোববার শেষ ম্যাচে ভারতের সঙ্গে ড্র করতে পারলে জিমি-চয়নদের দলের পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। এই গ্রুপ থেকে দুটি দল পরের রাউন্ডে যাবে।

দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে বাংলাদেশ শেষ পর্যন্ত সহজ জয় পেলেও প্রথমার্ধে ভালোই লড়াই করেছিল ফিজি।

১১ মিনিটের মধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। দুটি গোলই করেন কৃষ্ণ কুমার।


এরপর কামরুজ্জামানের চমৎকার গোলে ব্যবধান হয়ে যায় ৩-০। কিন্তু জেরম এডওয়ার্ডস ফিল্ড অ্যাটাক এবং অ্যাড্রিয়ান স্মিথ পেনাল্টি কর্নার থেকে গোল করে ফিজিকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি কর্ণার থেকে চয়ন ৪-২ গোলে এগিয়ে দেন দলকে। তবে তার ঠিক পরেই অ্যালাসেক স্মিথের গোলে আবার ব্যবধান কমিয়ে আনে ফিজি (৪-৩)।


এরপর অবশ্য আর পেরে ওঠেনি প্রশান্ত মহাসাগরের দ্বীপটি।

মিডফিল্ডার শেখ মোহাম্মদ নান্নু ৫-৩ গোলে বাংলাদেশকে এগিয়ে দেয়ার পর চয়নের ঝলক শুরু। পেনাল্টি কর্নার থেকে পর-পর তিনটি গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন চয়ন।


প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫-২ গোলে হেরে গেলেও চীনকে ৩-২ এবং ওমানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।