২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের হ্যাটট্রিকে সেন্ট্রাল জোনের লিড

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের দ্বিতীয় দিন মোহাম্মদ আশরাফুলের হ্যাটট্রিকের সৌজন্যে বিসিবি নর্থ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ রানের লিড নেয় ওয়ালটন সেন্ট্রাল জোন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 07:39 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৯ রান করেছে সেন্ট্রাল জোন। সুবাদে ৬২ রানে এগিয়ে তারা। রকিবুল হাসান ২০ ও মোশাররফ হোসেন ২ রানে ব্যাট করছেন।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩ রান নিয়ে খেলা শুরু করে নর্থ জোন। এক সময় বড় লিডের সম্ভাবনা জাগালেও ২৭৪ রানে অলআউট হয়ে যায় তারা।

পঞ্চম ওভারেই উইকেট হারানোয় শুরুটা ভালো হয়নি নর্থ জোনের। তাসকিন আহমেদের ইয়র্কার লেন্থের বল লাইনে যেতে না পেরে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ফরহাদ হোসেন।

অধিনায়ক জহুরুল ইসলামের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে বিদায় নেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমানও। সেন্ট্রাল জোনের অধিনায়ক মোশাররফ হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ধরা পড়েন তিনি।

তৃতীয় উইকেটে নাঈম ইসলামের সঙ্গে ৪৫ ও চতুর্থ উইকেটে নাসির হোসেনের সঙ্গে ৪৯ রানের দুটি ভালো জুটি দলকে উপহার দেন জহুরুল। মোশাররফের দ্বিতীয় শিকার নাঈম ক্যাচ দেন শুভাগত হোম চৌধুরীকে আর তাসকিদের বলে নুরুলের হাতে ধরা পড়েন জহুরুল।

অধিনায়কের বিদায়ের পর দলকে লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন নাসির। কিন্তু ৮৮ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৪ রান করে দলীয় ২৪২ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনিও বিদায় নিলে খেলা ফেরে সেন্ট্রাল জোন।

এরপরও ফরহাদ রেজা ও সানজামুল ইসলাম লিডের দিকেই নিয়ে যাচ্ছিলেন দলকে। ৭৯তম ওভারে প্রথমবারের মতো বল করতে এসে শেষ তিন বলে ফরহাদ রেজা, সাজেদুল ইসলাম ও সাকলায়েন সজীবকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে সেন্ট্রাল জোনকে লিডের সুযোগ এনে দেন আশরাফুল।

ফরহাদ রেজা মিডউইকেটে মেহরাব হোসেন জুনিয়রের হাতে ধরা পড়েন। সাজেদুল এলবিডব্লিউর শিকার হন। আর সাজীব ধরা পড়েন নুরুলের হাতে।

পরের ওভারের প্রথম বলে সানজামুল ইসলামকে ফিরিয়ে দিয়ে প্রথম ইনিংসে দলকে এগিয়ে রাখেন মোশাররফ।

৬৫ রানে ৪ উইকেট নিয়ে মোশাররফই সেন্ট্রাল জোনের সেরা বোলার। আশরাফুল ও তাসকিন তিনটি করে উইকেট নেন।

ম্যাচ শেষে যে কোনো ধরনের ক্রিকেটে এই প্রথম হ্যাটট্রিক করলেন জানিয়ে আশরাফুল বলেন, “দ্বিতীয় উইকেট নেয়ার পর হ্যাটট্রিকের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। প্রথম দুটি বল করেছিলাম বেশ জোরের ওপর আর শেষ বলটি স্লো করতে চেয়েছিলাম। স্ট্যাম্পের মধ্যে রাখায় বেশ টার্নও পেয়েছিলাম। সব আমার পরিকল্পনা মতো হওয়ায় ভালো লেগেছে।”

“আমরা খুব ভালো অবস্থানে আছি। দ্বিতীয় ইনিংসে আমাদের বড় একটা সংগ্রহ দাঁড় করাতে হবে। বল হাতে ভালো করার পর ব্যাটিংয়েও অবদান রাখতে চাই,” যোগ করেন তিনি।

সেন্ট্রাল জোন: ২৭৭ ও ৫৯/২ (শামসুর ২৪, সানি ১, রকিবুল ২০*, মোশাররফ ২*; সানজামুল ১/৯, ফরহাদ রেজা ১/১৩)

নর্থ জোন প্রথম ইনিংস: ২৭৪ (মাইশুকুর ৩৫, ফরহাদ হোসেন ১৪, জহুরুল ৪৭, নাঈম ৩৫, নাসির ৭৪, সাব্বির ১৮, ফরহাদ রেজা ৩০, সানজামুল ১৩, সাজেদুল ০, সজীব ০, শুভাশীষ ০*; মোশাররফ ৪/৬৫, আশরাফুল ৩/৪, তাসকিন ৩/৫০)