২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এসেই ব্যস্ত ডি ক্রুইফ-কোস্টার

শুক্রবার সকালে ঢাকায় আসার পর সময় নষ্ট করেননি জাতীয় ফুটবল দলের নতুন কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার। রাতেই এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য ঘোষিত প্রাথমিক দলকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করান দুই ডাচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ৩১ জন ফুটবলারের সঙ্গে পরিচিত হন ডি ক্রুইফ। এরপর ‘ডাচ স্কুল ফুটবল’ সম্পর্কে তাদের কিছুটা ধারণা দেন তিনি। ‘ডাচ স্কুল ফুটবল’ই ডি ক্রুইফের কোচিং দর্শন।

মার্চের প্রথম সপ্তাহে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ। ২ মার্চ ফিলিস্তিন, ৪ মার্চ নেপাল এবং ৬ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ।

এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে আপাতত কিছু বলতে রাজি নন ডি ক্রুইফ। তিনি বলেন, “আমি এখনো কোনো খেলোয়াড়কে ভালো করে চিনি না। এই প্রতিযোগিতায় আমাদের প্রতিপক্ষ দলগুলো সম্পর্কেও তেমন ধারণা নেই। তাই এখনই লক্ষ্য সম্পর্কে বলা মুশকিল।”

“শুধু জানি ফিলিস্তিন খুবই ভালো দল। নোমান হাসান নামে তাদের একজন ভালো ফুটবলার আছে। সে যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয়ঙ্কর,” যোগ করেন বাংলাদেশের নতুন কোচ।

ফিলিস্তিনকে হারানোর সম্ভাবনা সম্পর্কে ডি ক্রুইফ বলেন, “ফুটবলে যে কোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। বাংলাদেশের পক্ষেও কিছুই অসম্ভব নয়। মাঠের খেলাতেই প্রমাণ করতে হবে আমরা কতটা যোগ্য।”

তার মতে, ৩১ জনের দলে চার জন গোলরক্ষক রাখা একটু বাড়াবাড়ি। কয়েক জনের ফিটনেস নিয়েও তার আপত্তি আছে। ডি ক্রু্ইফ মনে করেন, তাদের পক্ষে নেপালে যাওয়া সম্ভব নয়।

চুক্তি অনুযায়ী আগামী জুন থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার কথা ছিল দুই ডাচ কোচের। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনুরোধে চ্যালেঞ্জ কাপের জন্য কয়েক দিন কোচিং করাতে রাজি হয়েছেন তারা। সেজন্য অবশ্য দুজনই পুরো এক মাসের পারিশ্রমিক পাবেন।