হকি দলের আরেকটি জয়
আগের দিন চীনকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ হকি দল আরেকটি জয় পেয়েছে। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ওমানকে ৪-১ গোলে হারিয়েছে।
বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে শেষ পর্যন্ত সহজ জয় পেলেও প্রথম গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বিজয়ী দলকে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৩৮ মিনিট অর্থাৎ দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রাসেল মাহমুদ জিমির রিভার্স-স্টিক ক্রস থেকে গোল করেন পুস্কর খিসা মিমো।
৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শেখ মোহাম্মদ নান্নু।
৬০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জিমির ড্র্যাগ-ফ্লিক ৩-০ গোলে এগিয়ে দেয় বাংলাদেশকে।
৫ মিনিট পর ওমানের আনওয়ার জুমান সাদ একটি গোল ফিরিয়ে দেন। ৬৮ মিনিটে জিমির পাস থেকে বাংলাদেশের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন মঈনুল ইসলাম।
শনিবার বাংলাদেশ ফিজির বিপক্ষে খেলবে।
