মোহামেডান-আবাহনীর বিপরীত সূচনা
অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড জয় পেলেও হেরে গেছে আবাহনী লিমিটেড।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে জিতেছে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র একই ব্যবধানে হারিয়েছে আবাহনীকে।
আরামবাগের বিপক্ষে ২৬ মিনিটে মোহাম্মদ রাজীবের গোলে মোহামেডান এগিয়ে যায়। ৬১ মিনিটে মাসুদ রানার গোল সমতা নিয়ে আসে ম্যাচে। ৭০ মিনিটে স্বপন মিয়ার গোলে আবার এগিয়ে যাওয়া মোহামেডানই শেষ পর্যন্ত বিজয়ী।
তবে মোহামেডানের আনন্দ কিছুটা হলেও ফিকে হয়ে যায় ৭৮ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ সোহেল দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়।
অন্য ম্যাচে মুক্তিযোদ্ধার দুটি গোলই করেন ইব্রাহিম। আবাহনীর একমাত্র গোলদাতা মঞ্জুরুল আলম।
