২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্টোরিয়াসের খুনের অভিযোগ অস্বীকার

বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন ‘ব্লেড রানার’ হিসেবে পরিচিত অস্কার পিস্টোরিয়াস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Feb 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার প্রিটোরিয়া আদালতে দক্ষিণ আফ্রিকার পা বিহীন দৌড়বিদের লিখিত জবানবন্দি পড়ে শোনান তার আইনজীবি ব্যারি রোক্স।

গত বৃহস্পতিবার নিজ বাসভবনে বান্ধবী স্টিনক্যাম্পকে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম জনসম্মুখে নিজের বক্তব্য জানালেন পিস্টোরিয়াস।

জবানবন্দিতে তিনি বলেন, “আমার বান্ধবীকে (স্টিনক্যাম্প) খুন করার কোনো উদ্দেশ্য ছিল না। ডাকাত ভেবে বাথরুমের দরজায় আমি গুলি করি এবং চিৎকার করি।”

“আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসতাম এবং ভীষণ সুখী ছিলাম,” যোগ করেন বিশ্বের একমাত্র অ্যাথলেট হিসাবে মূল অলিম্পিক ও প্যারালিম্পিকে অংশ নেয়া পিস্টোরিয়াস।

স্টিনক্যাম্পের মৃত্যু যে কোনো পরিকল্পিত খুন নয়, বরং একটা দুর্ঘটনা তা প্রমাণ করতে এরপর ঘটনার বিশদ বর্ণনা দেন তিনি।

পিস্টোরিয়াসের বর্ণনা অনুযায়ী, স্থানীয় সময় রাত তিনটার দিকে ঘুম ভেঙে গেলে দরজা বন্ধ করতে বারান্দায় যান তিনি। রাতে একই বিছানায় ছিলেন পিস্টোরিয়াস ও স্টিনক্যাম্প। ঐ সময় বাথরুমে শব্দ শুনতে পান। তার মনে সন্দেহ জাগে, হয়তো বাসায় ডাকাত ঢুকেছে এবং সে বা তারা বাথরুমে লুকিয়ে আছে।

এই ভেবে পিস্তল নিয়ে গুলি চালান পিস্টোরিয়াস এবং বান্ধবীকে ডাকতে থাকেন পুলিশকে জানানোর জন্য। আর তখনই তিনি দেখতে পান, বিছানায় স্টিনক্যাম্প নেই।

পিস্টোরিয়াসের এই বর্ণনা অবশ্য ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ বলে মনে করেন সরকার পক্ষের কৌসুলি গেরি নেল।