২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দলের প্রস্তুতি শুরু

এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি। প্রথম দিন প্রাথমিক দলে থাকা ৩৩ জন খেলোয়াড়ই রিপোর্ট করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

অবশ্য আবাহনী লিমিটেডের ডিফেন্ডার মোহাম্মদ সুজন, শেখ রাসেল ক্রীড়া চক্রর ডিফেন্ডার রেজাউল করিম ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলরক্ষক মোস্তাকুর রহমান রিপোর্ট করেই চলে যান। কারণ তিন জনই চোট আক্রান্ত। পায়ের পেশির চোটের কারণে রেজাউল ও পায়ে ব্যথা পাওয়ায় মোস্তাকের বাদ পড়া প্রায় নিশ্চিত। হাঁটুর চোটে আক্রান্ত সুজন বিশ্রামের জন্য দুই দিন ছুটি পেয়েছেন। অবশ্য চোটগ্রস্তদের তালিকা অনেক দীর্ঘ। শেখ রাসেলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বুক, ফরোয়ার্ড জাহিদ হোসেন পায়ের পেশি ও ডিফেন্ডার মামুন মিয়া গোড়ালি এবং শেখ জামালের মিডফিল্ডার শাকিল আহমেদ ও ডিফেন্ডার রায়হান হাসান হাঁটুর চোটে আক্রান্ত। বাংলাদেশের জন্য দুঃসংবাদ, এদের মধ্যে কয়েক জনের চ্যালেঞ্জ কাপে না খেলা মোটামুটি নিশ্চিত। দলের ফিজিও ডা. দলিউর রহমান জানিয়েছেন, “এটা সত্যি যে কয়েক জন চোট নিয়েই দলে সুযোগ পেয়েছেন। তাদের এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করি এদের মধ্যে কয়েক জন দেশ ছাড়ার আগে পুরোপুরি সেরে উঠতে পারবেন।” চোট আক্রান্ত ৮ জনই প্রথম একাদশে থাকার মতো। এ কারণে জাতীয় দলের জ্যেষ্ঠ খেলোয়াড় ও আবাহনীর অধিনায়ক ওয়ালী ফয়সাল বেশ হতাশ। তিনি বলেন, “এক সঙ্গে এত জনের চোট অবশ্যই দলের জন্য হুমকির। জানি না তাদের চ্যালেঞ্জ কাপে পাওয়া যাবে কিনা। পেলে তো ভালোই হয়।” জাতীয় দলের নতুন কোচ আসছেন নেদারল্যান্ডস থেকে। অথচ চোটের কারণে চ্যালেঞ্জ কাপে খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ায় এমিলিও ভীষণ হতাশ। এ প্রসঙ্গে দেশের অন্যতম সেরা স্ট্রাইকার বলেন, “নতুন কোচের অধীনে প্রথম সফরের দলে থাকতে পারলে ভালোই হতো। কিন্তু বুকের ব্যথাটা এতোই তীব্র যে মনে হয় না খেলতে পারবো। অবশ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেরে উঠতে পারলে খুব ভালো লাগবে।” আগামী ২ থেকে ৬ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে হবে চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব। বাংলাদেশ রওনা দেবে ২৫ ফেব্রুয়ারি। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ও স্বাগতিক নেপাল।