২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে হারিয়ে হকি দলের চমক

অনেক দিন পর বাংলাদেশ হকি দলের চমক জাগানো সাফল্য। বুধবার বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা চীনকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 02:25 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৪০ তম, আর চীন ১৮তম।

তবে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে র‌্যাঙ্কিংয়ের এই ফারাক বুঝতেই দেননি বাংলাদেশের খেলোয়াড়রা।

পঞ্চম মিনিটেই মামুনুর রহমান চয়ন পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন (১-০)।

১১ মিনিটে না ইউগোর গোলে সমতা ফেরায় চীন (১-১)। ২৭ মিনিটে অধিনায়ক জি মির পেনাল্টি কর্নার গোলে তারা এগিয়েও যায় (২-১)।

এরপরই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ৩৪ মিনিটে মইনুল ইসলাম কৌশিক ও ৫০ মিনিটে পুস্কর খিসা মিমোর লক্ষ্যভেদ বাংলাদেশকে এনে দেয় পরম আকাঙ্ক্ষিত এক জয়।

চীনের বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। প্রথম জয় ছিল জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ১৯৯৩ এশিয়া কাপে।

মুখোমুখি লড়াইয়ে চীন অবশ্য অনেক এগিয়ে। এ নিয়ে ১৩টি লড়াইয়ে বাংলাদেশের দুটো জয়ের বিপরীতে চীনের জয় ৯টি, বাকি দুই ম্যাচ ড্র।

সোমবার নিজেদের প্রথম ম্যাচে ২ গোলে এগিয়েও আয়ারল্যান্ডের কাছে ৫-২ গোলে হেরে যায় বাংলাদেশ।