শেষ আটের পথে বায়ার্ন
একে ৩-১ গোলের জয়, তার ওপরে প্রতিপক্ষের মাঠে। বায়ার্ন মিউনিখ এখন অনেকটাই নিশ্চিন্ত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে ফেরা বায়ার্নের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিতই বলা যায়।
মঙ্গলবার রাতের অন্য ম্যাচে ঘরের মাঠে স্পেনের মালাগাকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের পোর্তোও শেষ আটের স্বপ্ন দেখতে শুরু করেছে।
১৩ মার্চ ফিরতি লেগে বায়ার্ন স্বাগত জানাবে আর্সেনালকে, আর পোর্তো খেলবে মালাগার মাঠে।
আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে সপ্তম মিনিটে মিডফিল্ডার টনি ক্রুজ ও ২১ মিনিটে ফরোয়ার্ড টমাস মুলারের গোলে সহজ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল বায়ার্ন। তবে ৫৫ মিনিটে জার্মান স্ট্রাইকার লুকাস পোডল্সকির লক্ষ্যভেদ আশান্বিত করে তোলে স্বাগতিক দলকে।
সেই আশা দুরাশায় পরিণত হয় ৭৭ মিনিটের সময়। ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানদজুকিচের গোল জয় নিশ্চিত করে দেয় জার্মান পরাশক্তিদের।
মালাগার বিপক্ষে পোর্তোর জয়ের নায়ক মিডফিল্ডার জোয়াও মোটিনিয়ো। ৫৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। মালাগার কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির অবশ্য দাবি, গোলটি অফসাইড ছিল।
