বার্সেলোনার মিলান-পরীক্ষা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম ধাপ অর্থাৎ দ্বিতী্য় রাউন্ডের প্রথম লেগে বুধবার বার্সেলোনার প্রতিপক্ষ এসি মিলান।
দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে তুরস্কের গ্যালাতাসারাই ও জার্মানির শালকে জিরো ফোর।
মিলান সফরে যাওয়ার আগে বার্সার ফরোয়ার্ড পেদ্রো বলেন, “মিলানের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তারা অনেক শিরোপা জিতেছে এবং তাদের একটা সমৃদ্ধ ইতিহাসও আছে। অন্যান্য বারের মতো এবারো ওদের সঙ্গে কঠিন লড়াই হবে। ওরা খুবই বিপজ্জনক দল।”
অন্য দলগুলোর মতো মিলানের জন্যও সবচেয়ে বড় হুমকি লিওনেল মেসি। টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার এ মৌসুমেও দুর্দান্ত ছন্দে যথারীতি। সর্বশেষ ১৪ ম্যাচেই গোল করা মেসির অসাধারণ নৈপুণ্যে স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে’র শিরোপার পথে ছুটে চলেছে বার্সা।
সাম্প্রতিক সময়ে মিলানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে বার্সা। দু দলের সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও মিলান জিততে পারেনি। বার্সা জিতেছে তিনটি, বাকি দুটি ড্র।
অবশ্য ইদানীং সান সিরোয় মিলান রীতিমত অপরাজেয়। ঘরের মাঠে সর্বশেষ সাত ম্যাচে তারা হারেনি। গত মাসে ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেয়া মারিও বালোতেল্লির ছন্দে থাকাও আত্মবিশ্বাস জোগাবে স্বাগতিকদের। মিলানের জার্সি গায়ে তিন ম্যাচে চার গোল করে ফেলেছেন এই মেজাজি স্ট্রাইকার।
শালকের বিপক্ষে স্বাগতিক গ্যালাতাসারাইকে এগিয়ে রাখছেন আইভরি কোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা ও ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার। সম্প্রতি দুজনে যোগ দিয়ে তুরস্কের ক্লাবটির শক্তি বাড়িয়ে দিয়েছেন অনেক গুণ।
