মোহামেডানের কষ্টের জয়
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘকে কোনো রকমে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান জিতেছে ১-০ গোলে।
একই মাঠে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করেছে ফেনী সকার ক্লাবের সঙ্গে।
আরামবাগের বিপক্ষে মোহামেডানের জয়ের নায়ক মোবারক হোসেন। ২০ মিনিটের সময় নাইজেরীয় মিডফিল্ডার সিসান ইডুর পাস থেকে আড়াআড়ি শটে খেলার একমাত্র গোলটি করেন তিনি।
এর আগে ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোহামেডানের নাইজেরীয় স্ট্রাইকার ওসই মরিসন।
৬৫ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনের ব্যর্থতায় পেনাল্টি থেকে সমতা আনার সুযোগ নষ্ট করে আরামবাগও।
এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আরামবাগ যথারীতি সবচেয়ে নিচে।
ব্রাদার্স-সকার ক্লাব ম্যাচে কোনো দলই গোল করার তেমন চেষ্টা করেনি। বেশিরভাগ সময় খেলা সীমাবদ্ধ ছিল মাঝমাঠে। তাই ম্যাচটিকে ঘিরে পাতানোর গুঞ্জন।
তবে ফেনী সকার ক্লাবের সহকারী ব্যবস্থাপক তাজোয়ার আউয়াল এই গুঞ্জন উড়িয়ে দেন। খেলা শেষে তিনি বলেন, “পাতানো ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। আমরা জয়ের চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো গোল করতে পারিনি।”
ব্রাদার্সের সহকারী কোচ আরিফুর রহমান পান্নুর মুখেও একই কথা। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে ওঠা পাতানো খেলার অভিযোগ সত্যি নয়। আমরা দুটো সহজ সুযোগ পেয়েছিলাম। কিন্তু স্ট্রাইকাররা সেগুলো থেকে গোল করতে ব্যর্থ হয়। এ থেকেই প্রমাণিত, আমরা পাতানো ম্যাচ খেলিনি।”
১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ব্রাদার্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তাদের পরেই সকার ক্লাব।
