২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ম্যাকগ্রার ‘অধিনায়ক-তত্ত্ব’

গ্লেন ম্যাকগ্রা মনে করেন, আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের গতিপথ অনেকখানি নির্ধারণ করে দেবে দুই দলের অধিনায়কের নেতৃত্বগুণ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 02:20 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে, চেন্নাইয়ে। বাকি তিনটি টেস্টের ভেন্যু হায়দরাবাদ, মোহালি ও দিল্লি।

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল পেসারের ধারণা, এই সিরিজ হবে মহেন্দ্র সিং ধোনি ও মাইকেল ক্লার্কের মানসিক দৃঢ়তা এবং দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতার পরীক্ষাও।

একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেন, “সন্দেহ নেই যে এই সিরিজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। আমার তো মনে হয় দুই অধিনায়কই নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করবে।”

“ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে যাওয়ায় ধোনি এখন বেশ চাপের মধ্যে। তবে ধোনির জন্য সিরিজটা প্রায়শ্চিত্তেরও সুযোগ। সব দল তাকে সম্মান করে। তার জন্য এটা গুরুত্বপূর্ণ সিরিজ,” যোগ করেন তিনি।

স্বদেশের অধিনায়ক সম্পর্কে ম্যাকগ্রা বলেন, “ক্লার্ক নিজের সেরা সময় উপভোগ করছে এবং এই মুহূর্তে সে-ই অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার। ভারতের মাটিতে ভালো করতে সে নিশ্চয়ই উন্মুখ হয়ে আছে। ভারতে সাফল্য পেলে সেটা হবে তার জন্য আরেকটি বড় অর্জন। তাই আমার মনে হচ্ছে সিরিজটা আকর্ষণীয় হতে যাচ্ছে।”